রাজধানীর কুড়িলে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।
আজ ১লা নভেম্বর, রোববার সকালে প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’ স্লোগান দেওয়া হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সকালে কুড়িল বড়বাড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একপর্যায়ে পুলিশের উপস্থিতি দেখে নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ জানায়, বাড্ডার দিক থেকে কুড়িলের দিকে যাওয়ার সময় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, একটি মোটরসাইকেল ও ফেস্টুন জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ৫২-০৫৭৯।
রোববার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
