আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা একজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
এর আগে, আজ প্রসিকিউটরের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা যায়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি। তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার এক কোটি টাকা চেয়েছিলেন। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। প্রথম আলো ও নেত্র নিউজ রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে। এমনকি তারা রেকর্ডিংগুলো যাচাই করে দেখেছে। আজ এই বিষয়ে প্রথম আলো ও নেত্র নিউজ একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।
সাইমুম রেজার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানার পর ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলাটি থেকে সরিয়ে দেন তাকে। তবে সাইমুমের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর আর কোনো ব্যবস্থা নেননি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সরানো হয়নি সাইমুমকে।
