আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি সামনে রেখে সীমান্ত এলাকায় নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকার।
৮ই নভেম্বর, রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভার ভিডিও ৯ই নভেম্বর, সোমবার নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে সিলেট অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।
রনজিত সরকারের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওই সভায় উপস্থিত থাকতে দেখা যায়।
সভাস্থলে টানানো ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ এতে অতিথি হিসেবে অ্যাডভোকেট রনজিত সরকারের নাম উল্লেখ করা হয়।
ব্যানারের একপাশ ধরে থাকতে দেখা যায় জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুককে। তাঁর পাশে ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া।
ব্যানারে আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।
সভায় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তাঁরা সভার নির্দিষ্ট স্থান জানাতে চাননি। তবে রোববার সন্ধ্যায় সভায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।
রনজিত সরকারের ফেসবুক মেসেঞ্জারে একাধিকবার যোগাযোগের পর তিনি ফোন রিসিভ করে বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’
সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সভায় ব্যানার ধরে থাকা ওমর ফারুকও রোববার সন্ধ্যায় সভা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনিও ফোন কেটে দেন।
৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ করেন।
এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার প্রসঙ্গ তুলে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মঙ্গলবার ছাত্রলীগের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেন।
বক্তব্যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পুনরুদ্ধার, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার প্রত্যাশার কথাও তুলে ধরেন রনজিত সরকার। একই সঙ্গে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এদিকে সভার স্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্চিদ্র নিরাপত্তায় আছে। ওখান দিয়ে রনজিত সরকার ঢোকার কোনো সুযোগ নেই। রনজিতের নির্বাচনী এলাকার যেসব লোককে ভিডিওতে দেখা গেছে, তাঁদের সিলেট সীমান্তের কোনো একটা জায়গায় জড়ো করে তাঁরা এ কাজ করেছেন।’
তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ভিন্ন তথ্য দিয়েছেন। তাঁর বক্তব্য, সভাটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি; সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো একটি স্থানে হয়েছে। সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা।
