ঠাকুরগাঁও পৌর শহরে রাতের আঁধারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্তান এলাকায় অবস্থিত মাজারগুলোতে উগ্র তৌহিদী জনতা এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাজারগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ভোরে পাশের মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় মাজারগুলো ভাঙচুর করা অবস্থায় দেখতে পান মুসল্লিরা। এরপর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
স্থানীয়রা জানান, এসব মাজার বহু বছরের পুরোনো এবং নিয়মিত বিভিন্ন শ্রেণির মানুষ সেখানে যাতায়াত করেন। এর আগে কখনো এ ধরনের হামলার ঘটনা ঘটেনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উগ্রবাদী গোষ্ঠী মাজারবিরোধী তৎপতরা শুরু করে।
এই ধারাবাহিকতায় তারা এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি করেছেন এলাকাবাসী।
মাজারে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
