ঢাকা, ৫ মে ২০২৬ — দেশের কৃষিখাতে চলমান বহুমাত্রিক সংকট মোকাবেলায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর জরুরি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সাদ্দাম ও ইনান স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনটি জানায়, সার ও কৃষি উপকরণ প্রাপ্তিতে জটিলতা, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চনা, শ্রমিক সংকট এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের সম্মিলিত প্রভাবে কৃষকরা আজ চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখোমুখি। সময়মতো ধান কাটতে না পারায় অনেক স্থানে পাকা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা কৃষকের জীবন-জীবিকা ও জাতীয় খাদ্যনিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
বিবৃতিতে সরকারের ভূমিকার সমালোচনা করে বলা হয়, সরকার যেখানে কৃষকের পাশে দাঁড়াতে ব্যর্থ এবং তাদের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ, সেখানে তারুণ্যকেই এগিয়ে আসতে হবে।
এ প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিক সংকট প্রকট এমন এলাকায় স্থানীয়ভাবে ছাত্রলীগের নেতা কর্মীদের দলবদ্ধ হয়ে ধান কাটা, মাড়াই ও পরিবহনে সহায়তা করতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আর্থিক ও উপকরণগত সহায়তা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিটি ইউনিটকে মানবিক দায়বদ্ধতা, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাঠপর্যায়ে বাস্তবভিত্তিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সংকটময় মুহূর্তে কৃষকের পাশে দাঁড়ানোই দেশপ্রেমের বাস্তব প্রকাশ। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ — এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে কৃষকের ফসল ঘরে তোলা পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা প্রদানে সংগঠন অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়।
