বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে পারফিউমের গন্ধে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থ সবাই নবম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির এক শিক্ষার্থী সহপাঠীদের শরীরে পারফিউম স্প্রে ব্যবহার করলে এর গন্ধে আশপাশে থাকা শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করতে শুরু করে। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন— কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারা মনি, সাদিয়া ও বিথী। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। এর মধ্যে জিসান ও মাহিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
