নোয়াখালীর সোনাইমুড়ীতে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে দেখতে থানায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাঁর বাবা। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আদালতের আদেশে বাবা ও ছেলে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের বাসিন্দা সাব্বির আহমদ (২১) ও তাঁর বাবা আব্দুল মান্নান (৫৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথমে সোনাইমুড়ী বাজার থেকে সাব্বিরকে আটক করে পুলিশ। ছেলের আটকের খবর পেয়ে আব্দুল মান্নান তাঁকে দেখতে থানায় যান। সেখানে পুলিশ তাঁকেও আটক করে। পরে দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আব্দুল মান্নান স্থানীয় আওয়ামী লীগের একজন ওয়ার্ড সভাপতি। তিনি থানার সামনে ঘোরাঘুরি করছিলেন, তাই তাঁকে আইনের আওতায় আনতে হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, সাব্বিরকে শুধু ছাত্রলীগের কর্মী পরিচয়ে আটক করা হয়েছে এবং বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। এসব দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে আলাদা কোনো মন্তব্য পাওয়া যায়নি।
