যুক্তরাজ্যে বসবাসরত ব্যক্তিদের প্রাপ্তবয়স্ক নির্ভরশীল স্বজনদের আনার ক্ষেত্রে ‘অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ (ADR)’ ভিসা ব্যবস্থার নিয়মকানুনে বেশ কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট চার ধরনের পারিবারিক সম্পর্কের ব্যক্তিদেরই কেবল এই ভিসায় স্পনসর করে যুক্তরাজ্যে নেওয়া সম্ভব।
যেসব সম্পর্কের ক্ষেত্রে ভিসা প্রযোজ্য
যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসায় আবেদন করতে হলে আবেদনকারীকে স্পনসরের নিম্নলিখিত যেকোনো একটি সম্পর্কের অন্তর্ভুক্ত হতে হবে:
* বাবা বা মা
* দাদা-দাদি অথবা নানা-নানি
* ১৮ বছর বা তার বেশি বয়সী ছেলে বা মেয়ে
* ভাই বা বোন
এর বাইরে চাচা, মামা, খালা, ফুফু, চাচাতো-মামাতো-খালাতো-ফুফাতো ভাই-বোন কিংবা শ্বশুরবাড়ির আত্মীয়রা এই ভিসা ব্যবস্থার আওতায় আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।
আবেদনের মূল শর্তাবলী
কেবল পারিবারিক সম্পর্ক থাকলেই এই ভিসা নিশ্চিত হয় না। আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে:
১. বয়স, গুরুতর অসুস্থতা কিংবা প্রতিবন্ধকতার কারণে তাঁর দৈনিক জীবনযাপনে দীর্ঘমেয়াদি ব্যক্তিগত যত্ন (Personal Care) প্রয়োজন।
২. আবেদনকারীর নিজ দেশে এই প্রয়োজনীয় যত্ন বা সহায়তা পাওয়ার কোনো সুযোগ নেই কিংবা তা পাওয়ার সক্ষমতা তাঁর পরিবারের নেই।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আবেদনকারীর সঙ্গে স্পনসরের সঠিক পারিবারিক সম্পর্ক এবং তাঁর প্রকৃত নির্ভরশীলতা—এই দুই বিষয়ই ভিসা পাওয়ার ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে কাজ করবে।
ইংরেজি ভাষার পরীক্ষায় ছাড়
পারিবারিক ভিসায় আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শ্রেণিকে ইংরেজি ভাষার পরীক্ষার শর্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন:
* শিশু আবেদনকারী
* ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি
* যুক্তরাজ্যে আত্মীয়ের কাছে দীর্ঘমেয়াদি যত্ন নিতে আসা প্রাপ্তবয়স্ক ব্যক্তি (অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট)
* নির্দিষ্ট শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে যারা ইংরেজি ভাষা শেখা বা পরীক্ষা দিতে অক্ষম।
