রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্কের শেলিখেভ নামক স্থানে অবস্থিত একটি ল্যাবরেটরিতে প্লেগ রোগে আক্রান্ত হয়ে এক ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ইতোমধ্যে কমপক্ষে পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২০০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে নমুনা সংগ্রহের সময় দুর্ঘটনাবশত জীবন্ত ব্যাকটেরিয়াযুক্ত একটি টেস্টটিউব ভেঙে গেলে মারাত্মক সংক্রামক নিউমোনিক প্লেগে আক্রান্ত হন টেকনিশিয়ান শিপিলোভা। নিউমোনিয়ার তীব্র লক্ষণ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেটরে রাখার পর ১ অক্টোবর তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ইরকুটস্কে জনসমাবেশ ও রাজনৈতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। প্রাথমিক অবস্থায় ইরকুটস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ একটি ‘বিপজ্জনক সংক্রমণ’ ছড়িয়ে পড়ার কথা জানালেও রোববার টেলিগ্রাম বার্তায় তিনি দাবি করেন, এটি অজ্ঞাত কারণের নিউমোনিয়া এবং মৃত মহিলার নমুনায় প্রফেশনাল জীবাণুর সন্ধান মেলেনি। তবে ২ অক্টোবর বুড়িয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সি সিদেনোভ জানান, প্রতিবেশী অঞ্চলের ওই নারী ‘সম্ভবত প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন’।
রাশিয়ার অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউট।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় ভোক্তা নিরাপত্তা সংস্থা রসবোত্রেবনাদজোর সম্পূর্ণ মহামারি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মতে, নিউমোনিক প্লেগ অত্যন্ত সংক্রামক ও মারাত্মক রূপ নিতে পারে, যা বাতাসের কণার মাধ্যমে ছড়ায় এবং লক্ষণ দেখা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।
সূত্র: এনডিটিভি
