খাগড়াছড়ির মানিকছড়িতে আওয়ামী লীগে নেতার ওপর বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীদের মব হামলার প্রেক্ষিতে দলীয় কার্যালয়ের সামনেই দলটির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ চালায়। এতে বিএনপির ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৬ই নভেম্বর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৭ই নভেম্বর উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা চলছিল। এ সময় কার্যালয়ের পাশের একটি দোকানে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের ছোট ভাই মো. আমির হোসেনকে (৪০) দেখতে পান বিএনপির কয়েকজন নেতাকর্মী। পরে তারা তার ওপর মব চালিয়ে আটক করে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যান।
এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের স্বজনেরা একত্রিত হয়ে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে পাল্টা প্রতিরোধ করেন। এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যান। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।
পরে বিএনপির কর্মী-সমর্থকরা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন শফিকুল ইসলাম সুজন (৩০), মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. ফারুক হোসেন (৩০)। উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমানের ভাষ্য, আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সুজনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ৭ই নভেম্বর পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা চলছিল। এ সময় কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগ নেতা আমির হোসেনকে আটক করে কার্যালয়ে নিয়ে আসেন। পরে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বজনেরা কার্যালয়ে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান।
তিনি জানান, এতে তাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন চট্টগ্রামে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় মানিকছড়ি থানায় মামলা করা হবে।
গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, আপনারা আমির হোসেনের ওপর মব চালাতে গেলেন কেন? এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান হাবিবুর রহমান।
তবে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার দাবি করেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল চেয়ারম্যানের ছোট ভাই আমির হোসেনের নেতৃত্বে হামলাকারীরা ওঁৎ পেতে থেকে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। আহত নেতাকর্মীরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ চৌধুরী বলেন, শুক্রবার মারামারির ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
