আজ শহীদ নূর হোসেন দিবস। আত্মত্যাগের মহান এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদকে।
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর একটি অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিন যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। নূর হোসেন তাঁর বুকে ও পিঠে “গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক” স্লোগান লিখে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫-দলীয় ঐক্যজোটের মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি যখন জিরো পয়েন্টে পৌঁছে, তখন মিছিল লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। গুলিতে নিহত হয় সে। এছাড়াও যুবলীগ নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। এই আন্দোলন-সংগ্রামে বাবুল, ফাত্তাহসহ আরো নাম না জানা অনেকে আত্মাহুতি দিয়েছেন। অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর অবশেষে জনতার জয় হয়। কিন্তু জনগণের পাওয়া ভোটের অধিকার আজও বাংলাদেশে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। আমরা যতবার চেষ্টা করেছি গণতন্ত্র ও উন্নয়নকে এক সুতোয় গেঁথে এগিয়ে যেতে, ততবারই ষড়যন্ত্রকারীদের কালো থাবা দেশকে পিছনের দিকে নিয়ে গেছে। জাতি হিসেবে এ-আমাদের দুর্ভাগ্য!
দেশের এই ক্রান্তিকালে শহীদ নূর হোসেন দিবসের অঙ্গীকার হোক- সবাই মিলে ভেঙ্গে পড়া গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং বাংলাদেশকে গণতন্ত্র, উন্নয়ন, ন্যায়বিচার, সাংবিধানিক ধারাবাহিকতা ও অগ্রগতির পথে পুনর্যাত্রা।
আমি নূর হোসেনসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তাঁদের শোকসম্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।
বাংলাদেশ আওয়ামী লীগ
www.albd.org
তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬
