চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপর উপড়ে ফেলা হলো তার চোখ।
উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশে শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।
আজ ৩০শে নভেম্বর, রোববার মো. তোজাম্মেল হক নামে ওই পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তোজাম্মেল হক (৬৫) একই উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি পুকুরের পাশে অবস্থান করছিলেন। পরদিন সকালে স্থানীয়রা পুকুরপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা আরও জানান, তোজাম্মেল হক বিলাল হাজির মুসলিমপুর এলাকার একটি মাছ চাষের পুকুরের নাইটগার্ড হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন আছে এবং বাম চক্ষু উপড়ে ফেলা হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে দীর্ঘদিনের শত্রুতা বা চুরি –সংক্রান্ত কোনো ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
