অগণতান্ত্রিক ও অবৈধ নির্বাচন বর্জন করে রাষ্ট্রকে রক্ষা করার আহ্বান সজীব ওয়াজেদ জয়ের
প্রতিবেদক
সজীব ওয়াজেদ জয় তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেশবাসীকে সচেতনতা ও বিচক্ষনতার সাথে বাংলাদেশকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। আসন্ন নির্বাচনকে তিনি ‘পাতানো নির্বাচন’ ও ‘অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক’ হিসেবে অভিহিত করে জনগণকে এতে অংশ না নিতে আহ্বান জানিয়েছেন।
পোস্টে তিনি বলেন, এই নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে না। এটি মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে নির্বাচনে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিত ও বেআইনিভাবে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, সেই নির্বাচন জনগণের হতে পারে না।
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, “এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না। তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। ভোটের বাক্স নয়, পরিকল্পিত স্ক্রিপ্টই এখানে মূল বিষয়।”
তিনি আরও উল্লেখ করেন যে, অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক সহাবস্থান আজ হুমকির মুখে। মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য। প্রতিটি বাবা-মায়ের দায়িত্ব তাদের সন্তানের জন্য একটি নিরাপদ, উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত করা।
পোস্টের শেষে সজীব ওয়াজেদ জয় স্পষ্টভাবে বলেন, “এটি ভোট বর্জনের ডাক নয়, এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা। এই অবৈধ, পাতানো নির্বাচন বর্জন করুন। NO BOAT, NO VOTE”
এই পোস্টের মাধ্যমে সজীব ওয়াজেদ জয় জনগণকে বিবেকের আলোকে সিদ্ধান্ত নেওয়ার এবং দেশের ভবিষ্যৎ রক্ষার আহ্বান জানিয়েছেন।
