দেশ বিদেশে জঙ্গি, উগ্রবাদী ও ধর্মব্যবসায়ী হিসেবে পরিচিত যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর বিতর্কিত বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে দলীয় প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নারীরা।
গতকাল রোববার সকালে কুষ্টিয়া শহরে বের করা মিছিলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়র প্রতিবাদে এই ঝাড়ু মিছিল বের করা হয়। নারীরা বিতর্কিত ও নারী বিদ্বেষী এই বক্তার বিরুদ্ধে নানা স্লোগান দেন এসময়। বেলা সাড়ে ১১টার দিকে শহরতলির বটতৈল মোড় থেকে বের হওয়া মিছিলটি চৌড়াহাঁস বিমান চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নারীরা আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশপাশি দেশে জঙ্গিবাদ, ধর্মান্ধতা ও নারী বিদ্বেষ ছড়ানোয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাকে কুরুচিপূর্ণ মানুষ বলেও মন্তব্য করেন বিক্ষুব্ধ নারীরা।
জানা গেছে, গত শুক্রবার আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজার ২০২৩ সালে দেওয়া একটি বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আপত্তিকর এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপির নেতাকর্মীরা।
তবে এ ঘটনার ব্যাখ্যা দিয়ে আমির হামজা ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে এ বক্তব্য ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
