মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক ও বিবিসির ‘ভয়েস অব ইন্ডিয়া’ খ্যাত স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
আজ এক শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক মানবতাবাদী কণ্ঠস্বর ছিলেন স্যার মার্ক টালি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবার ও বিশ্ব সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, স্যার মার্ক টালির মৃত্যুতে বিশ্ব সাংবাদিকতা হারাল বস্তুনিষ্ঠতা ও মানবিকতার এক মহৎ প্রাণকে; আর বাংলাদেশ হারাল তার জন্মলগ্নের অগ্নিগর্ভ সময়ের এক নির্ভীক মানবিক কণ্ঠকে।
বিবৃতিতে শেখ হাসিনা আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি দখলদার বাহিনীর নৃশংসতা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতা ও সততার সঙ্গে তুলে ধরে স্যার মার্ক টালি বাঙালির ন্যায্য সংগ্রামের পক্ষে বিশ্বজনমত গঠনে অসামান্য ভূমিকা পালন করেন। সত্য উচ্চারণে আপসহীন এই সাংবাদিক নিজের জীবন ও পেশাগত ঝুঁকি উপেক্ষা করে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন—যা মানব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, কলমকে অস্ত্র করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এই মহান বন্ধুর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরকাল সমুজ্জ্বল থাকবে। মুক্তিযুদ্ধকালে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ পরবর্তীতে তাঁর সরকার স্যার মার্ক টালিকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করেছিল। তাঁর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখা হবে।
