বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-সহ তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রদত্ত তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দলের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে বলা হয়, যে দেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই, যেখানে হত্যার শিকার হলে পরিবারের সদস্যরা বিচার চাইতে পারে না এবং যে বিচারব্যবস্থা জুলুম, অত্যাচার ও নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে—সেখানে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের রায় জনগণ মানে না। এসব রায় দেখলেই বোঝা যায়, তা অবৈধ সরকারের পক্ষ থেকে পূর্বনির্ধারিত ও প্রেস্ক্রাইব করা।
বিবৃতিতে আরও বলা হয়, মামলার বিচার্য বিষয় যা-ই হোক না কেন, রায়ের ধরন একই রকম। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-সহ অন্যান্যদের বিরুদ্ধে প্রদত্ত রায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং একই সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
দলটির ভাষ্য, এই রায় কোনো স্বাধীন ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার ফল নয়; বরং এটি একটি অবৈধ ও অসাংবিধানিক সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বিচারব্যবস্থার মাধ্যমে পরিচালিত রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব মামলা ও রায় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অবৈধ দখলদার সরকারের পরিচালনা ও প্রযোজনায় আজ্ঞাবহ আদালত, দুর্নীতি দমন কমিশন এবং তদন্তকারী সংস্থার সম্মিলিত উদ্যোগে একের পর এক নাটক মঞ্চস্থ করা হচ্ছে, যার কোনো গ্রহণযোগ্যতা জনগণের কাছে নেই।
শেষে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকামী জনগণকে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়।
