সিলেটে আবারও দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার শিকার হয়েছেন এক কলেজ শিক্ষক, আর সবচেয়ে ভয়াবহ বিষয় তার সাথে থাকা মাত্র তিন বছর বয়সী সন্তানের গলায় চাকু ধরে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরের আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, বেলা ৩টার কিছু পর আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে তিন বছরের ছেলেকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজা।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অটোরিকশাটিতে আগেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। কিছুক্ষণ পর আরও একজন যাত্রী সেখানে ওঠে। এরপর কিছুদূর যাওয়ার পর হঠাৎ সেই যাত্রী শিশুটির গলায় চাকু ধরে তাকে চুপ থাকতে নির্দেশ দেয়।
আতঙ্কিত হয়ে তিনি সন্তানকে জড়িয়ে ধরেন। এই সুযোগে ছিনতাইকারী তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়।
নির্ধারিত গন্তব্য শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও, অটোরিকশা চালক আরও কিছু দূর গিয়ে হঠাৎ থেমে তাদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে চালকের সংশ্লিষ্টতার বিষয়টিও সন্দেহের মধ্যে পড়েছে।
দুঃখজনকভাবে, সিলেটে সিএনজি সিন্ডিকেট দিয়ে ছিনতাই নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই এমন ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।
