বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এবার আন্তর্জাতিক মহলে সরব হয়েছেন আইনজীবীরা।
নবপ্রণীত ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কাছে আবেদন জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন সদস্য।
যৌথ বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেছেন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়াই একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ‘প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি’ (Principles of Natural Justice) এবং বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদে বর্ণিত সংগঠনের স্বাধীনতার পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ—বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে নেতৃত্ব দেওয়া একটি দলকে আইনি প্রক্রিয়ার বাইরে রেখে নিষিদ্ধ করা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ।
আইনজীবীরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির (ICCPR) স্বাক্ষরকারী দেশ। রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।
আবেদনে আইনজীবীরা কেবল আইনি দিকই নয়, বরং ভূ-রাজনৈতিক উদ্বেগের বিষয়টিও তুলে ধরেছেন।
তাদের মতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে বলেও মত দেন তারা। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পৃক্ত একটি দলের অস্তিত্বহীনতা জাতীয় ইতিহাসের ধারাবাহিকতাকে ক্ষতিগ্রস্ত করবে- এমনটাই জানান আইনজীবীরা।
বিবৃতিতে স্বাক্ষরকারী আইনজীবীদের ভাষ্য, কোনো রাজনৈতিক দলের বিচার সংসদে নয়, বরং জনগণের আদালতে হওয়া উচিত। রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোরালো আহ্বান জানান তারা।
0000000000000000000
জাতীয় সংসদ ভবনের সামনে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
ঢাকা, ২৭ এপ্রিল: আজ বিকেল ১টা ৩৫ মিনিট থেকে (চলমান) শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে “সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট”-এর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিতে প্রায় ১৪০-১৫০ জন উপস্থিত রয়েছেন।
জোটের নেতৃবৃন্দ তিনটি প্রধান দাবি উত্থাপন করেছেন:
ক) মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ সকল বৈদেশিক চুক্তি জনসমক্ষে প্রকাশ করা এবং জাতীয় সংসদে উপস্থাপন করা;
খ) দেশবিরোধী সকল চুক্তি বাতিল করা এবং ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়ে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ করা;
গ) বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদ করা।
শেরেবাংলা নগর থানা পুলিশ ও র্যাব-০২-এর আনুমানিক ৫৫-৬০ জন সদস্য ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।“সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট” দেশের ১৩টি বামপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত। তারা এর আগেও মার্কিন বাণিজ্য চুক্তিকে “অসম ও জাতীয় স্বার্থবিরোধী” আখ্যা দিয়ে বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
