স্টেডিয়ামের মাঝখানে বেশ বড় সোনালি ট্রফি। চারপাশে সোনালি পোশাকের পারফরমার। আজতেক সভ্যতার সোনালি সময় ফুটেছে তাঁদের পোশাক ও নাচের ঢঙে। লিলা ডাউনস দাঁড়িয়ে তাঁর মাঝে। সুরেলা কণ্ঠে মেক্সিকান সংগীতশিল্পী স্বাগত জানালেন বিশ্বকে, ‘বিশ্ববাসী, মেক্সিকোয় স্বাগত!’
ব্যস, ঢাকে কাঠি পড়ল ২০২৬ বিশ্বকাপের। রঙিন রঙের আবির ছড়িয়ে পড়ল আজতেকা স্টেডিয়ামের চারপাশে। ওটা ফুটবলের ‘ক্যাথেড্রাল’—তিনটি বিশ্বকাপের উদ্বোধন হওয়া ইতিহাসের প্রথম ও একমাত্র স্টেডিয়াম। গতকাল রাতে সেই আজতেকাতেই বিশ্বকাপের ‘প্রথম’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববাসীকে স্বাগত জানাল মেক্সিকো।
প্রথম বলার কারণ, সহ–আয়োজক দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাতেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে আজতেকার ইতিহাস ও ঐতিহ্য বিচারে বিশ্বকাপের আসল উদ্বোধন হয়ে গেল আসলে সেখানেই। মেক্সিকোর কিংবদন্তি রক ব্যান্ড ‘মানা’ মঞ্চে ‘ওই মি আমোর’ (হে, আমার ভালোবাসা) গানের সুর তুলতেই গ্যালারিতে জন্ম হলো ‘মেক্সিকান ওয়েভ’। হাত ছড়িয়ে দর্শকদের তোলা সেই ঢেউ ছুঁয়েছে পর্দার দর্শকের হৃদয়ও।
আজতেক সভ্যতার সংস্কৃতি তুলে ধরা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। বিশ্বকাপের বিশাল এক ট্রফিও ছিল মাঠে
আজতেক সভ্যতার সংস্কৃতি তুলে ধরা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। বিশ্বকাপের বিশাল এক ট্রফিও ছিল মাঠেএএফপি
ভেনেজুয়েলার গায়ক ড্যানি ওশান পারফর্ম করার পর মেক্সিকান মিউজিক্যাল গ্রুপ লস অ্যাঞ্জেলেস আজুলসের সঙ্গে ফোক ব্যালে পারফরম্যান্স ছিল নজরকাড়া। এরপর এলেন কলম্বিয়ান গায়ক জে বলভিন। কিন্তু মজাটা যেন তখনো সেভাবে ঠিক জমছিল না। কারণ, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ‘রানি’ তখনো মঞ্চে আসেননি।
শাকিরা! হলুদ, বেগুনি ও সাদা পোশাকে যখন মঞ্চে উঠলেন, তখন যেন শুরু হলো বিশ্বকাপের আসল ঢেউ। সানগ্লাস চোখে পারফরমারদের নিয়ে ‘দাই দাই’ গানের সুর ধরেন শাকিরা। নাইজেরিয়ান গায়ক বার্না বয়ও ভালো সঙ্গ দেন কলম্বিয়ান কিংবদন্তিকে। কিন্তু সব চোখ আসলে কলম্বিয়ান কিংবদন্তির ওপরই ছিল। শাকিরা ছাড়া বিশ্বকাপ আবার জমে নাকি! ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়েই তো চিরস্মরণীয় হয়ে গেছেন।
পাখির চোখে ওপর থেকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আজতেকা স্টেডিয়ামে
পাখির চোখে ওপর থেকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
জমে না বলেই শাকিরার কণ্ঠে সুর খেলা করতে দর্শক উন্মাতাল হয়েছে সবচেয়ে বেশি। আজতেকার বাইরেও তখন বেশ চড়া হয়েছে উৎসবের সুর। নাচে-গানে মেতেছিলেন ফুটবলপ্রেমীরা, এর মধ্যে বেশির ভাগই মেক্সিকান। উদ্বোধনী এই অনুষ্ঠানের পরই যেহেতু তাঁদের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে—তাই স্বাগতিক হিসেবে যেন পুরো প্রস্তুতি নেওয়া ছিল। যেখানে চোখ যায়, সেখানেই মেক্সিকান সমর্থক, ফুটবলপাগল মেক্সিকানদের ভিড়ে ‘বাফানা বাফানা’ সমর্থকদের খুঁজে পাওয়াই দায়!
অলিম্পিক অনুষ্ঠানের মতো বিশ্বকাপে অংশ নেওয়া সব কটি দেশের পতাকা নিয়ে প্রতিনিধিরা ছিলেন মাঠে। প্রতিটি দেশের নামও ঘোষণা করেন স্পিকারের ঘোষক। ৪৮টি দেশ নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ‘প্রথম’ উদ্বোধনী এই অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রফিটি তুলে ধরার সঙ্গে গর্জনে ফেটে পড়ে ৮০ হাজার আসনের গ্যালারি।
