আমির মুহাম্মদ বাউলগানের শিল্পী। খুবই নিভৃতচারী একজন শিল্পী, অসাধারণ মানুষ। গত ৫ আগস্ট বুধবার ব্র্যাডি আর্টস সেন্টারে হয়ে গেলো তার একটি একক বাউল গানের সন্ধ্যা। অনেক ঢাক ঢোল পিটিয়ে আয়োজন করা কমিউনিটি- একক গানের অনুষ্ঠান প্রায়ই একটা গুবলেট মার্কা অনুষ্ঠানে রূপ নেয়। কিন্তু তার শো তে লোকজন ঠিক সময় আসে। হল ভর্তি মানুষ গান শুনেন কোনো শব্দ না করেই। শুধু শুরুতে ছিল একটা জোরে হাততালি। সংস্কৃতিজন স্বাধীন খসরুর উপস্থাপনায় শুরু হয় অনুষ্ঠান। ২৫ পাউণ্ড সম্মানির বিনিময়ে বাউল গানের অনুষ্ঠান লন্ডনে এই প্রথম এবং বিরল।
স্বভাবসুলভ ভঙ্গিতে গান গাইলেন আমীর মোহাম্মদ এবং খুব শান্ত হয়ে শুনেছেন সবাই।গানগুলোও ছিল ব্যতিক্রমী। বাংলাদেশের বাউলশিল্পীদের রচিত বাছাই করা গান ছিল সকলের পছন্দের। প্রথমে বাউল দুর্ব্বীন শাহর গান দিয়ে শুরু। তারপর শাহ আবদুল করিম, রাধারমণ, হাছন রাজা, সোনা মিয়া, খোয়াজ মিয়া, উকিল মুনসী, জালাল শাহ এবং লালনের গান ছিল একের পর এক।
উল্লেখ্য, আমীর মোহাম্মদ কোনো প্রাতিষ্ঠানিক চর্চার মাধ্যমে গড়ে ওঠা গানের শিল্পী নন। শৈশব থেকে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন। পরে বিভিন্ন বাউল গানের বা স্থানীয় গানের আসরে কণ্ঠে তুলেছেন গান। নিজের এই চর্চার মাধ্যমে গানের জগতে প্রবেশ। ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে বাড়ি। বর্তমানে লন্ডনে বসবাস করছেন।
