সাংবাদিকতার কারণে একাত্তর টেলিভিশনের সাংবাদিক ফারজানা রূপা ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
আজ ৫ই অক্টোবর, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, সাংবাদিকদের অপছন্দনীয় মতামত কিংবা রাজনৈতিক দলের সঙ্গে তাদের কথিত সম্পর্কের কারণে লক্ষ্যবস্তু করা উচিত নয়।
অ্যামনেস্টি বলেছে, মতপ্রকাশের স্বাধীনতার আওতায় এমন তথ্যও পড়ে, যা কারো কাছে আপত্তিকর, বিস্ময়কর বা অস্বস্তিকর মনে হতে পারে। অধিকারভিত্তিক সমাজে সুস্থ জনপরিসর নিশ্চিত করতে এ অধিকারের প্রতি সম্মান জরুরি।
সংস্থাটির পোস্টে বলা হয়, ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং মোজাম্মেল হক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
গত ৭ই মার্চ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ২০১৩ সালের মে মাসে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সংবাদ প্রচারের সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ করে অ্যামনেস্টি।
ওই প্রতিবেদনে বলা হয়, প্রসিকিউশনের অভিযোগ ছিল, একাত্তর টেলিভিশনে ‘বিভ্রান্তিকর’ একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল। এতে শাপলা চত্বরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি—এমন ধারণা তৈরি করে প্রকৃত মৃত্যুর সংখ্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়।
তবে শাপলা চত্বরের ওই অভিযানে নিহতের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। ফলে ওই ঘটনার সংবাদ পরিবেশন এবং সে সময়কার বিভিন্ন প্রতিবেদন নিয়ে এখনো ভিন্ন ভিন্ন দাবি রয়েছে।
অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, সাংবাদিকদের এমন মতামতের জন্য লক্ষ্যবস্তু করা উচিত নয়, যা কারো কাছে অপছন্দনীয়। একইভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সাংবাদিকদের কথিত সম্পৃক্ততার কারণেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়।
সংস্থাটি বলেছে, সাংবাদিকতার সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার আহ্বান জানিয়েছে তারা।
অ্যামনেস্টির এই অবস্থান এমন সময়ে এলো, যখন ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবু শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের মুখোমুখি।
এর আগে অ্যামনেস্টিসহ আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতা নিয়ে কাজ করা পাঁচটি সংগঠনও সাংবাদিকতার কারণে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ না আনার আহ্বান জানিয়েছিল।
