ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিশু নিখোঁজ, বিনা বিচারে আটক, আইসিটি আইনের অপব্যবহার এবং সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে।
১৯ অক্টোবর দুপুর ১২টায় লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতা ও কর্মীবৃন্দ।

স্মারকলিপি প্রদানের আগে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, শিশু নিখোঁজের ঘটনার নিরপেক্ষ তদন্ত, আটক ব্যক্তিদের আইনি অধিকার রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ এস এম মিছবা, সভাপতি আশিকুল ইসলাম আশিক এবং সাধারণ সম্পাদক লাভলু লস্কর।
নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি, মানবাধিকার কোনো দয়া নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবার জন্য ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।
স্মারক লিপির দাবীর মধ্যে রয়েছে মানবাধিকার সবার অধিকার, ন্যায়বিচার হোক সবার জন্য এবং মানবিক মর্যাদা ও স্বাধীনতা সুরক্ষিত হোক।পরে কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যলয়ের কর্মকর্তাদের হাতে স্মারকলিপি হস্তন্তর করেন।
উল্লেখ্য, স্মারকলিপিতে প্রায় সহস্রাধিক প্রবাসী স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
