লন্ডন, ৯ নভেম্বর: ‘ওল্ড গেইট’ নাটক দর্শক নন্দিত মঞ্চায়ন করছে ‘মঞ্চশৈলী’ নাট্য সংগঠন। পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারের থিয়েটার হলে ‘সিজন অব বাংলা ড্রামা’র এ উপস্থাপনা ছিল গতকাল ৮ নভেম্বর সন্ধ্যা ৭টায়। কথাসাহিত্যক ও নাট্যকার সাঈম চৌধুরীর লেখা এনাটকে অভিনয়শিল্পীরা ছিলেন বিলাতের বাঙালি সংস্কৃতিকর্মীরা। সাঈম চৌধুরীর নাটক মানেই ব্যতিক্রমী কিছু। যার জন্যে হলে স্থান সংকুলানে অতিরিক্ত চেয়ার সামনের সারিতে যোগ করতে হয়। এই ছিল কৌতুহলোদ্দীপক নাটক‘ ওল্ডগেইট’।

‘ওল্ড গেইট’ নাটকে কি আছে আর কি ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দর্শকরা পুরো নাটক দেখেন আর মুগ্ধ ও বাকরুদ্ধ হয়ে ফিরে যান নিজ নিজ বাড়িতে। নাটকের কাহিনির কেন্দ্রে ছিল অভিবাসী সমাজের আবাসন সংকট, পারিবারিক টানাপোড়ন, হাস্যরসে ভরপুর সিলেটী ভাষার সংলাপ আর টান টান উত্তেজনা।

নাটক তো তাই-ই হতে হয়। দর্শকদের ধরে রাখতে চমৎকার চমৎকার সংলাপ, কী সুন্দর সাবলীল উচ্চারণ, সংলাপ পরিবেশনে জাদুকরি প্রক্ষেপন ছিল পুরো নাটকে। কমেডি নয়, কিন্তু কমেডির উত্তাপ ছিল শুরু থেকে শেষাবধি।প্রমিত বাংলা, সিলেটী সংলাপ ও ইংরেজি ভাষা প্রয়োগে ছিল মুন্সিয়ানার ছাপ।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আনোয়ার হক, জিয়াউর রহমান সাকলাইন, মোহাম্মদ হক, মৌসুমী শামান্তা, ইভা ইহমেদ, হুমায়ূন কবির মহিন, ফজলে রাব্বি চৌধুরী, আন্নে পারভীন, কাজী আয়ান তায়িব ও যয়দ আরিফুজ্জামান।

নাট্যশিল্পী রাজীব দাস ছিলেন নাটকটির নির্দেশনা ও পরিচালনায়। সহ পরিচালনা করেন রুহুল আমিন। স্টোরি টেলিংয়ে ছিলেন রুহুল আমিন। আলো প্রক্ষেপন ও মঞ্চসজ্জা ছিল সাবলীল। ছবি: রেহান জামিল ও হামিদ মোহাম্মদ
