যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের আবেদন হঠাৎ করে বিপুল পরিমাণে বাতিল হওয়ায় শত শত তুর্কি নাগরিক দেশ থেকে বিতাড়িত হওয়ার মুখে পড়েছেন। হোম অফিসের কর্মকর্তাদের অদ্ভুত সব ভুল এবং মনগড়া শর্তের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ অনেকেই এই ঘটনাকে বিতর্কিত উইন্ডরাশ কেলেঙ্কারির সাথে তুলনা করে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অভিবাসন নিয়ম কঠোর করার ঘোষণা দেওয়ার পর থেকেই এই সংকট তীব্র আকার ধারণ করেছে।
ইউরোপীয় কমিউনিটি অ্যাসোসিয়েশন অ্যাগ্রিমেন্ট বা ইসিএএ ভিসার আওতায় যুক্তরাজ্যে ব্যবসা গড়ে তোলা তুর্কি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমোদন পাওয়ার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ হাজার ৩৭৮ জন স্থায়ী বসবাসের অনুমতি পেলেও ২০২৬ সালের একই সময়ে তা ৭৮ শতাংশ কমে মাত্র ৭৪৫ জনে নেমে এসেছে। এছাড়া বাতিল হওয়া আবেদন পুনর্বিবেচনার বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউয়ের সংখ্যাও ২০২৫ সালের ১৪৫টি থেকে বেড়ে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মাঝামাঝি সময়ে ৩৯৫টিতে দাঁড়িয়েছে।
হোম অফিসের পাঠানো চিঠিতে অমানবিকতা ও অদ্ভুত সব ভুলের প্রমাণ মিলেছে, যার মধ্যে কোভিড মহামারীর সময় তুরস্কে ক্যান্সারের চিকিৎসা শুরু করা এক নারীকে গত অক্টোবরে তার তিন সন্তানসহ যুক্তরাজ্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট না থাকার অজুহাতে এক জানালা পরিষ্কারক ব্যবসায়ীর আবেদন বাতিল করা হয়েছে এবং আলঝেইমার্সে আক্রান্ত বাবার সেবা করতে তুরস্কে যাওয়া আরেক নারীর আবেদনও নাকচ করা হয়েছে। এমনকি এক আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে মিথ্যা দাবি এবং অন্য একজনের দেশের বাইরে থাকার দিন গণনাতেও ১৮০ দিনের ভুল হিসাব করেছে হোম অফিস।
টটেনহ্যামের এমপি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, নিয়ম মেনে ব্যবসা ও পরিবার গড়ে তোলা মানুষদের জীবন হোম অফিসের হঠাৎ পরিবর্তিত নীতিতে ধ্বংস হয়ে যাচ্ছে এবং এটি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের মেনে নেওয়া উইন্ডরাশ তদন্তের সুপারিশমালার পরিপন্থী। তিনি ব্রিটেনের তুর্কি ভাষাভাষী মানুষের জন্য ন্যায়বিচার দাবি করে হোম অফিসকে দ্রুত তাদের ভুলগুলো সংশোধনের আহ্বান জানিয়েছেন। তবে হোম অফিসের একজন মুখপাত্র দাবি করেছেন যে, ইসিএএ ভিসার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি এবং প্রতিটি আবেদন প্রচলিত নির্দেশিকা অনুযায়ী যাচাই করা হচ্ছে। (সাইফ হাসান: ওয়ান বাংলা)
