শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও দোকানপাট বন্ধের ঘোষণা; শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বাতিল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবি
দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, রাজনৈতিক স্বাধীনতা ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ৮ নভেম্বরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মুক্তি, স্বস্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠা এবং ছাত্রসমাজের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে সংগঠনটি।
ছাত্রলীগের আট দফা দাবি
প্রেস বিজ্ঞপ্তিতে উত্থাপিত দাবিগুলো হলো—
1. শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার, ক্যাঙ্গারু কোর্টের সব অবৈধ রায় বাতিল এবং রাজবন্দিদের মুক্তি দিতে হবে।
2. বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
3. শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে। বহিষ্কারাদেশ বাতিল, সার্টিফিকেট পুনর্বহাল এবং ক্লাস-পরীক্ষা ও আবাসনের অধিকার নিশ্চিত করতে হবে।
4. বিদ্যুৎ, তেল, গ্যাস, পানি ও সারের দাম কমিয়ে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
5. সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে হয়রানি ও রাজনৈতিক বিবেচনায় চাকরি বন্ধ করতে হবে। মেধার ভিত্তিতে সবার চাকরি পাওয়ার সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
6. পাবলিক সার্ভিস কমিশনে দলীয়করণ বন্ধ করতে হবে।
7. শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে।
8. সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

ধর্মঘটে যা যা বন্ধ থাকবে
ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট চলাকালে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাস, ট্রাক, রেল ও লঞ্চ চলাচল করবে না। দোকানপাট, শিল্প-কলকারখানা, সরকারি-বেসরকারি অফিস এবং ব্যাংকের লেনদেন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। আদালতের কার্যক্রমও বন্ধ রাখার কথা বলা হয়েছে।
তবে জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদমাধ্যম ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে অংশগ্রহণের আহ্বান
প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং লড়াই-সংগ্রামের অগ্রবর্তী বাহিনী ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটে সমর্থন ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
