কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনি সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৯ সেকেন্ডের ভিডিও ক্লিপ ঘিরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
২৫শে জানুয়ারি, রোববার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত নির্বাচনি সমাবেশে এ ঘটনা ঘটে। সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান মঞ্চে আসার আগেই বক্তব্যের সময় আবির আব্দুল্লাহ চৌধুরী একাধিকবার ‘জয় বাংলা’ স্লোগান দেন।
ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি এই মঞ্চ থেকে হাজারবার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।”
আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলার বর্তমান সভাপতি।
ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে আবির আব্দুল্লাহ চৌধুরী বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটি স্বাধীনতার স্লোগান।
তিনি দাবি করেন, স্বাধীনতাবিরোধী শক্তি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
