আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলা আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন। এটি শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া অসংখ্য মামলার মধ্যে প্রথমটি, যা আনুষ্ঠানিকভাবে আইনগত প্রক্রিয়ায় প্রত্যাহার বা নিষ্পত্তি হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
মামলার বিস্তারিত তথ্য
ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৭ (মতিঝিল আমলী আদালত) গত ২২শে জানুয়ারি ২০২৬ তারিখে এই আদেশ দেন।
মামলার সি.আর নং- ১৪৫০/২৪।মামলাটি দণ্ডবিধির ১৪৭, ৩৬৫, ৩৬৬, ৩০৭, ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছিল। যাতে অপহরণ, হত্যাচেষ্টা, হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধের কথা উল্লেখ ছিল।
মামলার বাদী মো. বাবুল সরদার চাখারী (বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান)। প্রধান বিবাদী শেখ হাসিনা।
নথি পর্যালোচনায় দেখা যায়, এই মামলাটি ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে দায়ের করা হয়।
বাবুল সরদার চাখারী ২০২৪ সালের আগস্ট মাসে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন, যেখানে শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়।

প্রত্যাহার প্রক্রিয়া
১৮ই ডিসেম্বর ২০২৫: বাদী পক্ষ মামলা প্রত্যাহারের আবেদন এবং জবানবন্দি দাখিল করেন।
২২শে জানুয়ারি ২০২৬: বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম বাদীর আবেদন পর্যালোচনা করে মঞ্জুর করলে মামলা আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়।
আদালত সূত্রে জানা গেছে, বাদী নিজেই প্রত্যাহারের আবেদন করায় আদালত এটি অনুমোদন করেন। আইনজীবীরা বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টের পর থেকে দায়ের হওয়া অসংখ্য ফৌজদারি মামলা (হত্যা, গণহত্যা, দুর্নীতি ইত্যাদি) এর মধ্যে এটিই প্রথম মামলা, যা আইনগতভাবে প্রত্যাহারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
