কবির য়াহমদ
রাজনীতিতে কোনো কিছুই বিচিত্র নয়। আওয়ামী লীগের আমলে বিএনপি ছিল রাজনৈতিক অঙ্গনে কোণঠাসা, আর বিএনপির আমলে আওয়ামী লীগ দেশছাড়া।
আওয়ামী লীগের সময়ে বিএনপির কাউকে খুঁজেই পাওয়া যেত না। এই দলটি যে আবারও ক্ষমতায় ফিরতে পারে— সেটা অনেকেই ভাবতেও পারত না। এর প্রধান কারণ ছিল তাদের নেতা তারেক রহমান একুশে আগস্টের মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন, এবং ছিলেন লন্ডনে নির্বাসিত জীবনে।
অথচ দেখুন, প্রকৃতির কী বিচিত্র খেয়াল! আদালতে অনুপস্থিত থাকা সত্ত্বেও দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি হিসেবে পৃথিবীর ইতিহাসে সম্ভবত তিনিই প্রথম দণ্ডমুক্তি পেয়ে গেছেন। তিনি দেশে এসেছেন প্রধানমন্ত্রী হতে। এমনটা যে ঘটতে পারে, সেটা অনেকেই কিন্তু ভাবতেও পারেনি।
একই অবস্থা এখন আওয়ামী লীগের। দলটির সভানেত্রী শেখ হাসিনা আদালতের রায়ে ইতিমধ্যে দণ্ডপ্রাপ্ত। তিনি আর রাজনীতিতে ফিরতে পারবেন না— এই বিশ্বাস তার বিরোধী পক্ষের সবার।
তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আগে আওয়ামী লীগ যেভাবে ভাবত, এখন বিএনপির সবাই শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ সেভাবেই দেখে। দল ও নেতার নাম বদল হয়েছে, অথচ দেখুন— ভাবনা-বিন্দু কিন্তু এক! ভবিষ্যৎ এক কি না, এটা অবশ্য ভবিষ্যতই বলবে!
বিএনপি-জামায়াত-এনসিপির লোকজন ভাবছে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। তাদের ভাবনার কারণ, বর্তমানে সরকারে প্রকাশ্যে এবং গুপ্ত-রূপে তারাই আছে। তবে ‘সরকার যার, রাষ্ট্র তার’— এই বিশ্বাস থাকা সঠিক নয়। কারণ বাংলাদেশে সরকার পরিবর্তন সব সময় কেবল জনতার দ্বারা হয় না। চব্বিশের আগস্টের যে সরকার পরিবর্তন, সেটাও সর্বোতভাবে শুধু জনতার দ্বারা হয়নি; বরং রাষ্ট্রীয় বাহিনী সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছিল বলেই তা সম্ভব হয়েছে। চব্বিশ কেবল নয়, আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে এবং এগুলো ভবিষ্যতেও ঘটতেই থাকবে।
রাষ্ট্রীয় বাহিনীর সমর্থনের এই রূপের পেছনে কেবল অভ্যন্তরীণ রাজনীতি নয়, এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিও যুক্ত। আর ওই আন্তর্জাতিক রাজনীতি প্রতিনিয়ত পরিবর্তনশীল বলে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
যা বললাম, তা বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। এগুলো হচ্ছে আমার চোখে দেখা রাজনীতি। এখানে আমার বা আপনার বিশ্বাস-অবিশ্বাসের মূল্য আসলে সামান্যই।
বর্তমান দেখে অনেকেই ভবিষ্যৎ নিশ্চিতভাবেই এমন হবে বলে ভাবছেন; কিন্তু ষড়ঋতুর এই দেশে ঋতুভেদে প্রকৃতি ও দেশের রাজনীতি কিন্তু বদলে যায়। গ্রীষ্মে আমরা শীতকে ডাকি, আবার শীতে ডাকি গ্রীষ্মকে! এখানে আমার বা আপনার চাওয়া, না-চাওয়ায় আসলে কিছুই যায় আসে না। আবার কেউ আজীবন শুধু শীত বা গ্রীষ্ম চাইলেও প্রকৃতিতে কিন্তু তা চিরকাল থাকে না!
