আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দাবি করেছেন, দলীয় প্রধান শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। সাংবিধানিকভাবে তিনিই এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং অচিরেই তিনি ‘বীরের বেশে’ মর্যাদার সাথে দেশে ফিরবেন।
একটি বিশেষ সাক্ষাৎকারে বাহাউদ্দিন নাছিম দেশের বর্তমান পরিস্থিতি ও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, শেখ হাসিনা কারো দয়ায় কিংবা কারো সাথে কোনো প্রকার রফা বা আপস করে দেশে ফিরবেননা। তিনি ফিরবেন নিজের অধিকারে এবং জনগণের আকুল আহ্বানে।
সাক্ষাৎকারে বাহাউদ্দিন নাছিম পদত্যাগপত্র নিয়ে চলমান বিতর্কের দিকে ইঙ্গিত করে
বলেন, “সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী প্যান্ডোরার বক্স খুলে দিয়েছেন।
এখন এটি সবার কাছে পরিষ্কার যে, শেখ হাসিনা পদত্যাগ করেননি। যেহেতু কোনো লিখিত
পদত্যাগপত্র নেই এবং পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
তাই আইনি ও সাংবিধানিক—উভয় দিক থেকেই শেখ হাসিনাই এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী।”
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নাছিম অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, “জননেত্রী শেখ
হাসিনা বীরের বেশে এবং পূর্ণ মর্যাদার সাথে নিজের প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। তিনি নিজের ইচ্ছায় এবং অধিকারের সাথে বাংলার মাটিতে পা রাখবেন।
বাংলাদেশের মানুষ এখন এই অরাজকতা ও দুঃশাসন থেকে মুক্তি পেতে তাদের প্রিয় নেত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
দলের বর্তমান কার্যক্রম সম্পর্কে এই নেতা জানান, আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ প্রতিটি সংগঠন এখন সুসংগঠিত হচ্ছে। অচিরেই এই রাজপথ ‘মিছিলের নগরী’ থেকে ‘মিছিলের বাংলাদেশে’ পরিণত হবে।”
বাহাউদ্দিন নাছিম দাবি করেন, শেখ হাসিনা ফিরলেই দেশে আবার শান্তি, উন্নয়ন ও
গণতন্ত্রের ধারা ফিরে আসবে এবং ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে।
