দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ ১৩ই জুন, শনিবার সকাল থেকে ছাত্রলীগের মিছিলের ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের একটি অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও প্রচার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দিনাজপুর জেলা ছাত্রলীগের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী মাথায় কাফনের কাপড় বেঁধে ব্যানার নিয়ে মিছিল করছেন।
ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগ-এর নিষেধাজ্ঞা মানি না, মানব না’, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’, ‘পুলিশ হত্যার বিচার চাই’, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও বিক্ষোভ মিছিল’।
ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘চলছে লড়াই, চলবে; ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
ভিডিওটি বর্তমানে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজে ছড়িয়ে পড়েছে।
ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকালে শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে এ ঝটিকা বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’
