চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে নানা অপরাধের মামলায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় প্রিজনভ্যানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জাতীয় সংগীত গাইতে শোনা যায়।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার পর তাদের প্রিজনভ্যানে ওঠানো হয়। প্রিজনভ্যানে তুলতেই জাতীয় সংগীত গাইতে শুরু করেন পলক। তার সঙ্গে আরও কয়েকজন সুর মেলান।
এদিন এ মামলার অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় চাইলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। তবে ওবায়দুল কাদেরের এ মামলায় ৪৫ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ায় অব্যাহতি চাওয়া হয়। ফলে বাকিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এদিন সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তায় এই ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
