দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারাদেশে মবসন্ত্রাস ছড়িয়ে পড়েছে। ওসমান হাদীর মৃত্যুকে ঘিরে রাজশাহী, খুলনা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাসভবন- যেখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পরিবার বসবাস করেন সেই বাড়ি, দিনাজপুরে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরীর বাড়ি, বান্দরবানে মন্ত্রী বীর বাহাদুরের বাসভবন, উত্তরায় অবস্থিত সাংসদ হাবিব হাসানের বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আওয়ামী লীগ জানিয়েছে, একজনের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সন্ত্রাসীরা সারাদেশকে অনিরাপদ করে তুলেছে। দলটি এসব হামলা, ভাঙচুর, সন্ত্রাস ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
একই সঙ্গে দলটি ওসমান হাদীকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্তকে রাজনৈতিক বলেও উল্লেখ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি অবমাননার শামিল।
