রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করে জানান, কারাগারে জামিননামা পৌঁছানোর পর প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।
এর আগে একই দিন দুপুরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত। মামলাটি গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার আদালত তাঁর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিন ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
