যুক্তরাজ্যের ২০২৬ সালের স্থানীয় নির্বাচনের আংশিক ফলাফলে ক্ষমতাসীন লেবার পার্টি বড় ধাক্কার মুখে পড়েছে। ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিলে লেবারের আসন কমেছে, অন্যদিকে রিফর্ম ইউকে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।
এ পর্যন্ত ঘোষিত ৪০টি কাউন্সিলের ফলাফলে দেখা যায়, ওল্ডহ্যামে লেবার ৮টি আসন হারিয়েছে, আর রিফর্ম ইউকে পেয়েছে বড় ধরনের অগ্রগতি। নিউক্যাসল-আন্ডার-লাইম কাউন্সিল কনজারভেটিভদের কাছ থেকে দখল করেছে রিফর্ম পার্টি।
লন্ডনের ওয়েস্টমিনস্টারে কনজারভেটিভরা আসন বাড়িয়েছে, আর ওয়ান্ডসওর্থেও তাদের শক্ত অবস্থান দেখা গেছে। অন্যদিকে ইলিং ও সাউদাম্পটনে লেবার একক নিয়ন্ত্রণ হারিয়ে “নো ওভারঅল কন্ট্রোল” অবস্থায় গেছে।
বিশ্লেষকদের মতে, এই ফলাফল প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে রিফর্ম ইউকের উত্থান ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
এদিকে স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা এখনও শুরু হয়নি।
