ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা জ্যোতির কাঁধেই রাখা হয়েছে নেতৃত্বের ভার। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্পিন তারকা নাহিদা আক্তার।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ লম্বা সূচি হাতে রেখেছে টাইগ্রেসরা। আগামী ২৫শে মে এডিনবার্গের উদ্দেশ্যে দেশ ছাড়বে তারা। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে অনুষ্ঠিত হবে একটি ত্রিদেশীয় সিরিজ। এরপর লফবরোতে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে মূল আসরে নামবে জ্যোতিরা। ১৪ই জুন বার্মিংহামের এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার।
