কারাবন্দী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী, কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূরের মেয়ে সুপর্বা তাসনিম বাবা দিবসে তার বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
পোস্টে সুপর্বা তাসনিম লেখেন, “শুভ বাবা দিবস সেই শ্রেষ্ঠ বাবাকে, যাঁকে পাওয়ার স্বপ্ন যে কেউ দেখতে পারে।” তিনি জানান, একটি ছবি শেয়ার করার মাধ্যমে তিনি তার বাবাকে নিয়ে নিজের অনুভূতি তুলে ধরতে চেয়েছেন—যিনি তার জীবনে সব সময় ভরসার জায়গা হিসেবে ছিলেন।
মেয়ে তার পোস্টে লেখেন, এত ভালো একজন বাবা থাকার ফলে নিজের সব সমস্যার সমাধান বাবার কাছেই খোঁজার অভ্যাস হয়ে গিয়েছিল তার। তবে এখন এমন একটি কঠিন পরিস্থিতির মুখে তিনি দাঁড়িয়ে আছেন, যার কোনো সহজ সমাধান তার চোখে পড়ছে না।
পোস্টের শেষাংশে আবেগের সুর স্পষ্ট হয়ে ওঠে। সুপর্বা তাসনিম লেখেন, তিনি কখনো কখনো অত্যন্ত ক্লান্ত অনুভব করেন এবং বাবার ঘরে ফিরে আসার আশা ও প্রার্থনা করা ছাড়া তিনি আর কিছু করতে পারছেন না বলে জানান। বাবা ফিরে এলে নিজের সমস্যা নিয়ে তাকে আর বিরক্ত না করার এবং বরং বাবার ভরসার জন্য নিজের কাঁধ এগিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন হত্যা মামলা ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তবে চলতি বছরের মে মাসে কয়েকটি মামলায় তিনি জামিন পেলেও কিছু মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় এখনো তার মুক্তি মেলেনি। সম্প্রতি আপিল বিভাগের চেম্বার আদালত দুটি মামলায় তার পাওয়া জামিনও স্থগিত করেছে।
