বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর দুই বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দেশের রাজনীতিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরতে পারেন বলে জানা গেছে।
নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) সাউথ এশিয়ার আয়োজনে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন না। তিনি অডিও সংযোগের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হবেন বলে জানিয়েছেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।
তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দণ্ডাদেশ থাকা সত্ত্বেও মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার নীতির প্রতি সম্মান জানিয়ে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
ড. ওয়ায়েল আউয়াদ আরও জানান, গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে একাধিকবার এফসিসিতে বক্তব্য দেওয়া এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত সেই আমন্ত্রণে সাড়া দেননি।
