সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালকের পদ থেকে বুধবার পদত্যাগ করেছেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছর মেয়াদে দায়িত্ব নেওয়া সায়মা ওয়াজেদকে গত বছরের শেষ দিকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল।
ডব্লিউএইচও তার আইনজীবীদের কাছে পাঠানো এক চিঠিতে (৩ জুলাই, ২০২৬) অভিযোগ করে, চীন সফর সংক্রান্ত ব্যয়ে তিনি ৯০১ ডলারের আর্থিক অনিয়ম করেছেন এবং নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। সায়মা ওয়াজেদের আইনজীবি এই অভিযোগ তদন্তের জন্য বারবার তথ্য প্রমাণ চাইলেও হু কর্তৃপক্ষ এই অভিযোগের স্বাপেক্ষে কোন প্রমাণ দিতে গড়িমসি করে।
সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুসকে লেখা পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ বলেন, তার নেতৃত্বের প্রতি তিনি “সম্পূর্ণ আস্থা হারিয়েছেন”। প্রায় এক বছর কোনো বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছিল বলে জানান তিনি।
