আর কয়েক ঘন্টা পর লন্ডনে মহান একুশে ফেব্রুয়ারির প্রভাত। ভাষা শহীদদের সম্মান জানিয়ে লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন প্রবাসীরা্। বাংলাদেশে মধ্যপ্রহরে ঢাকা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ শুরু হয়েছে। সরকার প্রধানের শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এর সূচনা হয়। এবারে বাংলাদেশে রাহুমুক্ত পরিবেশে একুশ পালিত হচ্ছে বলে অনেকেই স্বস্তি অনুভব করছেন।
লন্ডনে ২১ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় একুশ উদযাপন পরিষদ শিশুকিশোরদের সাথে নিয়ে প্রভাতফেরীর আয়োজন করেছে। শহীদ আলতাব আলী পার্কে এ প্রভাতফেরী অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে।
এছাড়া ব্রিটেনের ওল্ডহাম, ম্যানচেস্টার, কার্ডিফ, বার্মিংহামসহ বিভিন্ন শহরে প্রবাসীরা একুশ উযাপনের প্রস্তুতি নিয়েছেন।
