ইখতিয়ার উদ্দিন
জাসদ নিষিদ্ধ দল নয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জাতীয় পরিষদের বৈঠক চলছিল। এতে কি কোনো পর্যায়ের আইন লঙ্ঘন হয়েছে? একটি নিবন্ধিত রাজনৈতিক দলের বৈঠক করা তো তাদের আইনি অধিকার। তাহলে দলটির নেতাদের গ্রেফতার করা হলো কেনো?
যাদের আটক করা হয়েছে, ভিডিওতে দেখলাম- অনেকের হাতে ব্যাগ। দলীয় বৈঠকে অংশ নিতে তারা সম্ভবত বিভিন্ন জেলা থেকে এসেছিলেন। দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অধিকার আছে ভেবেই হয়তো তারা এসেছিলেন। তাদের ধারণা ভুল ছিলো?
আবু জাফর সূর্য একজন সুপরিচিত সাংবাদিক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। তিনি জাসদ করেন, এটাও সবাই জানেন। ওই বৈঠকে তিনিও ছিলেন। তিনি দাবি করেছেন, তিনি পেশাগত দায়িত্ব পালনে সেখানে গিয়েছিলেন। তাকেও আটক করা হয়েছে। তার হাতে হাতকড়া পরানো এই ছবিটি সমাজ মাধ্যমে ভাসছে।
এই ঘটনায় আমার কোনো দাবি, অনুরোধ বা আবেদন নেই। শুধু প্রশ্নটি রাখলাম- সূর্য এবং অন্য যাদের আটক করা হয়েছে, তাদের অপরাধ কী
