কুমিল্লার ধানক্ষেতে একটা মেয়ে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিলো। ধান দুমড়ে গেছে, পড়ে ছিল ভ্যানিটি ব্যাগ। সকালে মিলল লাশ। তারপর দেশের আলোচনা গেল সম্পূর্ণ অন্যদিকে, “মেয়েটা এত রাতে কেন বাইরে ছিল?”
এই প্রশ্নটা কে শিখিয়েছে আমাদের? যে রাষ্ট্র সড়কে নিরাপত্তা দিতে পারে না, সে-ই সবচেয়ে সুবিধামতো প্রশ্নটা তোলে, দোষ কার? আর এই রাষ্ট্র এখন চলছে বিএনপির হাতে, সংসদে ক্ষমতার ভাগ নিয়ে বসে আছে জামায়াতে ইসলামী। দুই দলের নেতাদের গলায় ক্ষমতা নিয়ে অনেক গলাবাজি শোনা যায়, অনেক। এই মেয়েটার জন্য ক্ষমতাসীনদের গলার স্বর কিন্তু একদমই শোনা যায়নি।
নারীর নিরাপত্তা ক্ষমতায় যাওয়ার আগে ভালো স্লোগান হয়। ক্ষমতায় গেলে সেটা হয়ে যায় নোটিস বোর্ডের পুরোনো পোস্টার। ক্ষমতার ভাগাভাগিতে যাদের সময় যায়, মেয়েদের রাতের রাস্তা নিয়ে ভাবার সময় তাদের কই?
আজ যে মেয়েটা কোনো মাঠে দৌড়াচ্ছে, তার জন্য এই রাষ্ট্র কী রেডি রেখেছে? ব্যাগে সেফটি টুলস রাখার উপদেশ ছাড়া আর কী? মেয়েরা যদি নিজেরাই নিজেদের পাহারা দিতে থাকে, তাহলে ক্ষমতাসীনদের কাজটা ঠিক কী আসলে?
