স্পেন সরকার অনিবন্ধিত অভিবাসীদের আইনি মর্যাদা দেওয়ার একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে, যার মাধ্যমে অন্তত পাঁচ লাখ মানুষ উপকৃত হতে পারেন। এই উদ্যোগকে দেশটির অভিবাসন নীতিতে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিকের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই এবং যারা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ দিতে পারবেন, তারা এই ‘নিয়মিতকরণ’ প্রক্রিয়ার আওতায় আবেদন করতে পারবেন।
স্পেনের অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক মন্ত্রী এলমা সাইস বলেন, “এটি আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক দিন।” তিনি জানান, এই পদক্ষেপ মানবাধিকার, সামাজিক সংহতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অভিবাসন মডেলকে আরও শক্তিশালী করবে।
এই ব্যবস্থার আওতায় যোগ্য আবেদনকারীরা প্রাথমিকভাবে এক বছরের আবাসিক অনুমতি পাবেন, যা পরে নবায়ন করা যাবে। আগামী এপ্রিল মাস থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং প্রক্রিয়াটি জুনের শেষ পর্যন্ত খোলা থাকবে।
সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে লাতিন আমেরিকা থেকে। রক্ষণশীল থিঙ্কট্যাংক ফুনকাসের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে যেখানে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৪০৯ জন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ৩৭ হাজার ৯৩৮ জনে—অর্থাৎ প্রায় আট গুণ বৃদ্ধি।
বর্তমানে স্পেনে বসবাসরত অনিবন্ধিত অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ এসেছেন কলম্বিয়া, পেরু ও হন্ডুরাস থেকে বলে ধারণা করা হচ্ছে।
অভিবাসন প্রশ্নে ইউরোপের অন্যান্য বড় দেশের তুলনায় স্পেনের সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন জোট সরকার ভিন্ন অবস্থান নিয়েছে। সরকার মনে করছে, অভিবাসীরা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাম্প্রতিক বছরগুলোতে স্পেন ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য বড় অর্থনীতির তুলনায় ভালো পারফরম্যান্স দেখিয়েছে এবং ২০২৫ সালে প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে বেকারত্বের হার ২০০৮ সালের পর প্রথমবারের মতো ১০ শতাংশের নিচে নেমেছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিবাসীদের স্পেনের জন্য “সম্পদ, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক” হিসেবে উল্লেখ করেছেন এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় তাদের অবদানের কথা তুলে ধরেছেন। বামপন্থী দলগুলোও অভিবাসীদের মানবিকভাবে দেখার ওপর জোর দিচ্ছে।
ফার-লেফট দল পোদেমোসের নেত্রী ও সাবেক মন্ত্রী ইরেনে মনতেরো বলেন, “অধিকার প্রদানই বর্ণবাদের জবাব।” দীর্ঘদিন ধরেই তার দল অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার দাবিতে প্রচারণা চালিয়ে আসছে।
এই উদ্যোগ রাজকীয় ডিক্রির মাধ্যমে অনুমোদিত হবে, ফলে সংসদের অনুমোদনের প্রয়োজন হবে না। এটি গত দুই দশকের মধ্যে স্পেনে সবচেয়ে বড় আকারের অভিবাসী নিয়মিতকরণ কর্মসূচি।
তবে বিরোধীরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। রক্ষণশীল পিপলস পার্টির নেতা আলবের্তো নুনিয়েস ফেইহো বলেন, এই পদক্ষেপ অভিবাসীদের ‘টান প্রভাব’ বাড়াবে এবং সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। অন্যদিকে, কট্টর ডানপন্থী ভক্স দলের মুখপাত্র পেপা মিলান একে “জাতীয় পরিচয়ের ওপর আঘাত” বলে মন্তব্য করেছেন এবং সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।
