বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী ও গণমানুষের রাজনৈতিক শক্তি। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বাঙালির প্রতিটি অর্জন, সংগ্রাম ও বিজয়ের সঙ্গে দলটির নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার সংগ্রাম, আর ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম—সবখানেই আওয়ামী লীগের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা।
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন থেকে শুরু করে আধুনিক উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরের দীর্ঘ যাত্রায় আওয়ামী লীগই ছিল জনগণের আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করতে দলটি যুগে যুগে সংগ্রাম করেছে দেশবিরোধী অপশক্তি, একাত্তরের পরাজিত গোষ্ঠী এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে। তাই বাংলাদেশ ও আওয়ামী লীগ যেন একই সূত্রে গাঁথা—একটি জাতির ইতিহাস, আত্মপরিচয় ও অগ্রযাত্রার প্রতিচ্ছবি।
গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতি, অবকাঠামো ও প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জিডিপি প্রবৃদ্ধির ধারাবাহিক সাফল্য বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, ঢাকায় মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর—এসব শুধু উন্নয়ন প্রকল্প নয়, বরং বাংলাদেশের আত্মবিশ্বাস ও সক্ষমতার প্রতীক। এসব অর্জনের পেছনে ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব।
২০০৮ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ “ডিজিটাল বাংলাদেশ” গড়ার যে স্বপ্ন দেখিয়েছিল, তা আজ বাস্তবতার রূপ নিয়েছে। তৃণমূল পর্যন্ত ইন্টারনেট সেবা, সরকারি সেবার ডিজিটালাইজেশন, ফ্রিল্যান্সিং খাতের বিকাশ এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল। পরবর্তীতে “স্মার্ট বাংলাদেশ ২০৪১” ঘোষণার মাধ্যমে দেশকে জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্রে রূপান্তরের মহাপরিকল্পনাও গ্রহণ করা হয়। প্রযুক্তির এই বিপ্লব বাংলাদেশকে বিশ্বায়নের মূলধারায় আরও শক্তভাবে যুক্ত করেছিল।
নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তায়ও আওয়ামী লীগ সরকার বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীদের শিক্ষা, চাকরি ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে। প্রাথমিক শিক্ষায় শতভাগ উপবৃত্তি, সরকারি চাকরিতে নারীর অগ্রাধিকার, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি—এসব ছিল নারীর মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধির মাইলফলক। একইসঙ্গে মুক্তিযোদ্ধা, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিস্তার সাধারণ মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছিল।
বর্তমান বাস্তবতায় যখন স্বাস্থ্যখাত, নারী নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নানা চ্যালেঞ্জের মুখে, তখন জনগণ আবারও উপলব্ধি করছে—রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা, দূরদর্শিতা ও সংকট মোকাবিলার সক্ষমতায় আওয়ামী লীগের বিকল্প নেই। দেশের যেকোনো দুর্যোগ, সংকট বা আন্তর্জাতিক চাপ মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব সবসময়ই দৃঢ়তা ও সফলতার পরিচয় দিয়েছে।
পররাষ্ট্রনীতিতেও আওয়ামী লীগ বাংলাদেশের মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বঙ্গবন্ধুর “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়” নীতিকে ধারণ করে দলটি বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি ও সমুদ্রসীমা জয়, জলবায়ু পরিবর্তন ইস্যুতে বৈশ্বিক নেতৃত্ব, এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে মানবিকতার নজির স্থাপন—এসব আওয়ামী লীগের কূটনৈতিক দক্ষতা ও সাহসিকতারই প্রতিফলন।
ভূরাজনৈতিক বাস্তবতায় বৈশ্বিক শক্তির চাপ ও রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার সাহসও আওয়ামী লীগ দেখিয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদসহ নানা আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে দলটি প্রমাণ করেছে—বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও আত্মমর্যাদার প্রশ্নে তারা আপসহীন।
এই কারণেই আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি বাংলাদেশের ইতিহাস, উন্নয়ন, স্বাধীনতা ও জনগণের স্বপ্নের প্রতিচ্ছবি। সময়ের পরীক্ষায় বারবার প্রমাণিত হয়েছে—যখনই দেশ সংকটে পড়েছে, আওয়ামী লীগই জনগণের আশা-ভরসার ঠিকানা হয়ে ফিরে এসেছে। আর ভবিষ্যতেও জনগণের শক্তি নিয়েই আওয়ামী লীগ আবারও দেশের নেতৃত্বে ফিরে আসবে—এই বিশ্বাস কোটি মানুষের হৃদয়ে আজও অটুট।
লেখক: ইমন ইবনে সাম্রাজ, যুব সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ
