আফজাল হোসেন
সামনে একটা দামী মডেলের গাড়ি। আমার সাথের বন্ধুটির গাড়ি বিষয়ে অগাধ জ্ঞান। সামনে চলমান ঝকমকে গাড়িটা দেখে সে হাসতে হাসতে বলে, পাঁচ কোটি যায়।
হঠাৎ করে বলা কথার মানে বুঝতে সময় লাগে। একটু পরে বুঝতে পারলাম, সামনের গাড়িটার দাম পাঁচ কোটি টাকা।
আমাদের সামনের সীটে যে বন্ধুটি বসা, সে রসিকতায় পারদর্শী। তার কোনো কথাই রস কষহীন হয়না। হাল্কা চালে সে বলে, ভাগ্যিস গাড়িদের অভিশাপ দেবার ক্ষমতা নেই। থাকলে গাড়িটা মালিককে অভিশাপ দিতো, তুই ফকির হয়ে যা।
যে বন্ধুটি চালকের আসনে, সে হাল্কা চালের ওজনদার রসিকতার মানে সহজে বুঝতে পারে। হাসে হো হো করে। পিছনের সীটে বসা আমাদেরকে বুঝিয়ে বলে, কোটি কোটি টাকা দামের বনেদী গাড়ি ঢাকার রাস্তায় নেমে তো আর বনেদী থাকতে পারে না। সাধারণ মানুষ ও গাড়িদের সাথে তাকেও রাস্তায় জ্যামের মধ্যে আটকা পড়ে থাকতে হয়।
আমার রসবোধ কম। অনেককিছু বুঝতে সময় লেগে যায়। দামী গাড়িটা আমাদের মতো আমজনতার চোখে দুঃখী কি না বুঝতে সামনের গাড়িটা তাকিয়ে দেখতে থাকি। দেখি।
গাড়িটাকে একটা মহান চরিত্র মনে হয়। মনে হতে থাকে সে সত্যি সত্যি অতি দূর্ভাগাও। নির্মাতা প্রতিষ্ঠান পৃথিবীর মূল্যবান এবং ধনাঢ্য মানুষদের মাথায় রেখে গাড়িটাকে নির্মান করেছে। কেবল টাকার জোর তাকে এই শহরে টেনে এনেছে। ঢাকা শহরে নেমে সে হয়তো নিজেকে কপাল পোড়া ভাবে।
এমন ভাবনা মাথায় ঘুরছে। ভাবনা যৌক্তিক, চোখের সামনে তার প্রমান মিলে যায়। প্রমান মেলে অনুমান ভুল নয়, অযথাও নয়। সামনের কোটি টাকার গাড়ি থেকে কাঁচ নামিয়ে কেউ ব্যবহৃত
টিস্যু রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়।
টাকা থাকা মানুষদের বড়লোক বলা হয়। সব বড়লোক বড় নয়, হয় না। মানুষকে বড় বানাতে পারে যোগ্যতা, জ্ঞান। যোগ্যতা এবং জ্ঞান অর্জন করতে হয়। কেবল স্বাভাবিক ও ন্যায় পথে সে দুটো অর্জন করা সম্ভব। জ্ঞান ও যোগ্যতা উপার্জনও।
মানুষ অর্থ অর্জন করে না, উপার্জন করে। উপার্জন বিবিধ পথে, বিভিন্ন উপায়ে করা যায়। কায়দা কৌশল করে অর্থ উপার্জন করা মানুষেরা সাধারণের চেয়ে একটু আলাদা হবে, সেটাই স্বাভাবিক।
অর্থ উপার্জন করার সামর্থ নেই এমন মানুষ পৃথিবীতে জ্ঞান অর্জন করে বিশেষ হয়ে উঠতে পারে। পারে। হয় কিন্তু খুবই দুঃখের এবং হতাশার বিষয়, অনেক সাধারণ মানুষের চোখে যোগ্যতা সম্পন্ন মানুষ বিশেষ নয়, বিশেষ বিবেচনা করা হয় অর্থে বিত্তে চকচক করা মানুষদের।
চকচক করলেই সোনা হয় না, একথা ছোটবেলা থেকে জানা তবু চকচকে দেখতে বস্তুই সহজে অনেকের চোখ এবং মন কেড়ে নেয় ।
এই শহরে নানা রকম বড়লোকি দেখতে হয়। বড়লোক হওয়া এবং বড়লোকি দেখানো দুটোর মধ্যে মহা পার্থক্য রয়েছে। বনেদী বলে একটা বিশেষণ আছে। বনেদী বড়লোক কখনো বড়লোকি দেখান না। জানেন, তা দেখানোর বিষয় নয়।
বর্তমানের মহান দেশপ্রেমিকদের জানা নেই দেশপ্রেম দেখানোর, বলে বোঝানো, প্রমান দেবার জন্য উঠে পড়ে লাগার বিষয় নয়।
শুরু করা গল্পের মতো দেশপ্রেমও কোটি টাকার গাড়ি। তেমন কোটি টাকার গাড়ির মালিক বিবেচনা করলে আচরণ সংযত হওয়া লাগে।
কোটি টাকার গাড়িতে চেপে জানলার কাঁচ নামিয়ে নোংরা ছুঁড়ে মারলে মানুষের আসলটা বেরিয়ে পড়ে।
ভালো চাইলে নিজে ভালো হতে হয়। অন্যকে মন্দ বলে নিজে ভালো হওয়ার ফর্মুলা রাজনীতিতে আছে। সে ফর্মুলায় যদি জীবন চালাতে চাওয়া হয় তা প্রতারণা, শঠতা।
